বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শারমিন আকতার, রামপুরা
রাজধানীর রামপুরায় রমজান পরিবহনের একটি বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হাজীপাড়া পেট্রলপাম্পের সামনে ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত আলী হোসেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক ছিলেন।
ঘটনাস্থলে থাকা প্রতিবেদক শারমিন আকতার জানান, রমজান পরিবহনের বাসটিতে লুকিং গ্লাস ছিল না। মোটরসাইকেলচালক বারবার হর্ন দিলেও বাসচালক গা করেননি, বরং ফুটপাতের দিকে চাপাতে থাকেন। একপর্যায়ে আলী হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এই মর্মান্তিক দৃশ্য দেখে উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে। মুহূর্তের মধ্যেই তারা বাসটিকে ঘিরে ধরে, চালক ও হেলপার পালিয়ে গেলে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ‘বিকেল ৪টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পাই। খিলগাঁও স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এই দুর্ঘটনা রাজধানীতে বেপরোয়া গণপরিবহন চালনার বিরুদ্ধে জনরোষের আরেকটি নির্মম চিত্র তুলে ধরলো।