বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ঢাকা মেট্রোরেলের সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল বিকেল ৩টা থেকে যাত্রী পরিবহন শুরু করবে। এর আগে, রাজধানীর মানুষ প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে মেট্রোরেলে যাতায়াতের সুযোগ পেত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই নতুন সময়সূচির বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল চলাচলের সূচনা সময় বিকেল সাড়ে ৩টার পরিবর্তে বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ৩টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।
অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে এবং রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ ট্রেনটি যাত্রা করবে। প্রতিটি ট্রেনের মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে বিকেল ২টা ৪৫ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে টিকিট পাওয়া যাবে বিকেল ৩টা ৫ মিনিট থেকে। একই সময়ে র্যাপিড পাস কেনার পাশাপাশি এমআরটি বা র্যাপিড পাসে অর্থ জমা দেওয়ার কার্যক্রমও চালু থাকবে।
মেট্রোরেলের অন্যান্য কার্যক্রম পূর্বের নিয়মে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।