রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
রাজশাহী জেলার শিক্ষক নেতারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং পাঁচ দফা দাবিতে কার্যকর কর্মসূচি পালন করছেন। ১০ কর্মদিবসের মধ্যে দাবিগুলো পূরণ না হলে মানববন্ধন, সর্বস্তরের শিক্ষক সমাবেশ এবং জাতীয় মহাসমাবেশসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুলে সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এ দাবি জানিয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ, মাধ্যমিক কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরি প্রদান।
জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাহনেওয়াজ খান বলেন, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের মধ্যে পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪ শতাংশ। পদোন্নতি অনিয়মিত হওয়ায় অনেক শিক্ষক ৩২-৩৩ বছর চাকরি করেও পদোন্নতি ছাড়া অবসরে যান। বৈষম্য নিরসন সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ।
তিনি আরও জানান, ৩ আগস্ট প্রধান উপদেষ্টার কাছে আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল এবং অনুমোদনও পেয়েছে, কিন্তু গেজেট প্রকাশে বাধা সৃষ্টি হচ্ছে।
সংবাদ সম্মেলনে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।