শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
দেশের ২১টি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও কিছু সময় ধরে থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের সার্বিক তাপমাত্রা পরিস্থিতি আরও কয়েকদিন পর্যন্ত অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৃদু তাপপ্রবাহ বইছে, যা কিছু কিছু স্থানে অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই অবস্থায় থাকতে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা নিয়ে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যার পরিমাণ ছিল ২৬ মিলিমিটার।