মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নির্বাচনের আগেই বড় চমক? ড. ইউনূস-বিএনপি বৈঠকে কী ঘটতে যাচ্ছে!
চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে—অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনা গুরুত্বপূর্ণ। আজ দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে।’
বিশ্বস্ত সূত্র জানায়, বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের পক্ষ থেকে এ বৈঠকের বিষয়টি আগেই বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং নিশ্চিত করেছে।
বিএনপির শীর্ষ নেতারা বলছেন, সরকার বলেছে—ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ এর মধ্যে জাতীয় নির্বাচন হবে। কিন্তু বিএনপির মতে, এটা কোনো স্পষ্ট রোডম্যাপ নয়। তারা জানতে চায়, নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত পরিকল্পনা কী।
গত ৯ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন ঘিরে দেশে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এ অবস্থায় আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্দিষ্ট রোডম্যাপ জানতে চাইব।’
আলোচ্য বৈঠকে নির্বাচনকালীন সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই বৈঠক থেকে কী বার্তা নিয়ে বের হন বিএনপি নেতারা।