মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রদান করবেন। সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে সাতজন বিশিষ্ট ব্যক্তি এ মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবেন।
রোববার (২৩ মার্চ) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার যাঁরা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, তাঁরা হলেন—বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।
তবে এই তালিকায় চমক রয়েছে! পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বদরুদ্দীন উমর। গত ৬ মার্চ রাতে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি তিনি নেবেন না! মন্ত্রিপরিষদ বিভাগ ১১ মার্চ মনোনীতদের তালিকা প্রকাশ করলেও পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা বেশ আলোচনার জন্ম দিয়েছে।