মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের লক্ষ্যে থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে সই হয়।
স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, দ্বিপাক্ষিক এমওইউ কার্যকর হওয়ার মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক উপায়ে থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি বাংলাদেশের শ্রম অভিবাসন ব্যবস্থা ও প্রক্রিয়া সরেজমিনে পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশে শ্রমিক নিয়োগ সংক্রান্ত সম্ভাব্য এমওইউ নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন এবং দেশটির চলমান শ্রমিক সংকট মোকাবিলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত থাই ব্যবসায়ী সমাজসহ অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে থাই শ্রমমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে তিনি থাইল্যান্ডের ক্ষেত্রেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান গন্তব্য দেশগুলোর সর্বোত্তম অভিজ্ঞতা অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।