শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সন্ত্রাস নয়, বাঁচার জন্য অস্ত্র রাখি—সুব্রতের স্বীকারোক্তি!
অনলাইন ডেস্ক
ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে হাজির হয়ে চাঞ্চল্যকর বক্তব্য দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৪৬ মিনিটে তাকে আদালতে তোলা হলে বিচারক অনুপস্থিত থাকায় কাঠগড়ায় দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। বলব না যে আমার কাছে অস্ত্র থাকে না, কারণ এটা মিথ্যা হবে।”
সুব্রত বাইন জানান, ১৯৮৬ সাল থেকে তার পেছনে শত্রুর অভাব নেই। তার নাম ব্যবহার করে অনেকেই চাঁদাবাজি করছে বলে দাবি করেন তিনি, অথচ সে বিষয়ে তিনি নিজেই জানেন না বলে জানান। তিনি গণমাধ্যমকে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা বের করে আনুন আধুনিক যুগের চাঁদাবাজ কারা।”
তিনি আরও বলেন, “আপনারা সাংবাদিকরা ছবি তোলেন, ভিডিও করেন। কিন্তু যেটা সত্য, সেটাই লেখেন। যা খুশি তাই লিখবেন না। হলুদ সাংবাদিকতা করবেন না। ১৯৯০ সাল থেকে আপনারা লিখে আসছেন, আমরাও মানুষ, আমাদেরও পরিবার আছে। আমি কখনো প্রতিবাদ করিনি, কারণ আমি নিজেকে চিনি। আমি জানি আমি কে। এখন আমার বয়স ৬১ বছর।”
এর আগে মঙ্গলবার ভোর ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে ধরা পড়ে এই আলোচিত সন্ত্রাসী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুই সহযোগী—শ্যুটার আরাফাত ও শরীফ—কে গ্রেপ্তার করা হয়।
বুধবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।