সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
প্রেমে পড়ার আগে চোখে চোখ রাখুন নিজেরই!
অনলাইন ডেস্ক
দায়িত্ববোধ, ছাড় দেওয়ার মানসিকতা আর বাস্তববাদী চিন্তা—এই তিনটি বিষয়ের গুরুত্ব না বুঝে প্রেমে জড়ালে মধুর শুরু হতে পারে ঠিকই, তবে শেষটা হয়ে উঠতে পারে তিক্ত অভিজ্ঞতা।
প্রেমে পড়া যেমন আচমকা ঘটে, সম্পর্ক টিকিয়ে রাখা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। অনেকেই মনে করেন, প্রেম মানেই কেবল হৃদয় কাঁপানো ভালোবাসা, লাল গোলাপ আর সিনেমার মতো রোমান্স। কিন্তু বাস্তবে প্রেমের রসায়নে থাকে প্রচুর আপস, বিশ্বাস, দায়িত্ব আর সমঝোতা। সুতরাং প্রেমের সম্পর্কে জড়ানোর আগে আপনাকে নিজেকেই প্রশ্ন করতে হবে—আপনি কি প্রস্তুত?
মনোবিজ্ঞানীরা বলছেন, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ছাড় দেওয়ার মানসিকতা থাকা অত্যন্ত জরুরি। আপনি যদি সঙ্গীর সবকিছু নিজের মতো করে পেতে চান, তাহলে সমস্যা শুরু হতেই পারে। ধরুন, আপনি গল্প করতে চাইছেন, আর আপনার সঙ্গী তখন খেলা নিয়ে ব্যস্ত। তখন হঠাৎ রাগ না করে একটু বুঝে নেওয়ার মানসিকতাই সম্পর্ককে টিকিয়ে রাখে।
এছাড়া সম্পর্ক মানেই কেবল “আমি তোমায় ভালোবাসি” বললেই সব শেষ নয়। বরং এটাই হলো দায়িত্বের শুরু। সঙ্গীর আবেগ, ক্যারিয়ার, পারিবারিক টানাপড়েন সব কিছুতেই আপনাকে পাশে দাঁড়াতে হবে। প্রেমে দায়িত্ব নিতে না পারলে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা বেশি।
অনেকেই সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় প্রেম নিয়ে যেসব গল্প দেখে, তার রঙিন রূপকেই বাস্তব ভেবে ফেলেন। ফলে যখন বাস্তবের প্রেম একটু ধূসর হয়ে ওঠে, তখন হতাশা গ্রাস করে। প্রেমে সুন্দর চেহারা যেমন আকর্ষণীয়, তেমনি মনের সৌন্দর্যও সময়ের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সবচেয়ে বড় কথা, সঙ্গী কখনোই আপনার সম্পত্তি নয়। তার স্বাধীনতা, ‘মি টাইম’, পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক—সব কিছুতেই তার নিজস্ব অধিকার আছে। আপনি যদি সব কিছু নিজের আয়ত্তে রাখতে চান, তাহলে সে সম্পর্ক শ্বাসরুদ্ধকর হয়ে উঠবে।
আর বিশ্বাস? সেটাই তো সম্পর্কের শিকড়। কিন্তু অন্ধ বিশ্বাস নয়। বিশ্বাস আসতে সময় লাগে, তৈরি হয় ধীরে ধীরে। প্রেমে পড়ার আগে এসব ভেবে নিতে পারলেই সম্পর্ক হয় টেকসই, ভরসাযোগ্য আর সুখকর।
তাই বলি, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসা ধরে রাখার মতো মানসিকতাও থাকা চাই!