শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
“সর্ষের তেল খাচ্ছেন নিয়মিত? জানেন কি এতে লুকিয়ে আছে উপকারের আড়ালে ক্ষতির ফাঁদ!”
অনলাইন ডেস্ক
রান্নার ঘরের নিত্যসঙ্গী শর্ষের তেল, যার ঘ্রাণেই যেন পুরো বাঙালি বাড়ি জেগে ওঠে। অনেকেই এখন সয়াবিন তেলের দাম ও ক্ষতিকর দিক মাথায় রেখে ঝুঁকছেন শর্ষের তেলের দিকে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাচীন ঐতিহ্যবাহী তেলটি কি সত্যিই স্বাস্থ্যের জন্য নিরাপদ?
বিশেষজ্ঞদের মতে, শর্ষের তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা শরীর নিজে থেকে তৈরি করতে পারে না। এ ছাড়া এর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম, যা রক্তে খারাপ চর্বি (LDL) কমাতে সহায়ক। মাঝেমধ্যে শর্ষের তেলে রান্না করা খাবার খেলে শরীরের ক্ষতি হয় না বরং উপকারই হতে পারে।
এই তেলে রয়েছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ভিটামিন ই, যা বয়সের ছাপ কমায় এবং কোষ রক্ষা করে। তাই নিয়মিত শর্ষের তেল ব্যবহারে ত্বকও তরতাজা থাকে বলে দাবি গবেষকদের।
শুধু পুষ্টিগুণই নয়, এর ঝাঁজ আর ঘ্রাণ খাবারে আনে অতুলনীয় স্বাদ। গরমে অরুচির সময় শর্ষের তেল মিশিয়ে ভর্তা বা আচার খেলে রুচি ফেরে।
তবে সব ভালো দিকের পাশাপাশি লুকিয়ে আছে কিছু সতর্কতা। এতে থাকা ইউরোসিক অ্যাসিড নিয়মিত ব্যবহারে হৃদরোগ ও কিডনির সমস্যা ডেকে আনতে পারে। ইউরিক অ্যাসিড বাড়িয়ে বাতের ব্যথাও তৈরি করতে পারে। হৃদরোগীরা নিয়মিত ব্যবহারে সাবধান হোন।
সবচেয়ে বড় আশঙ্কা—তেল খাঁটি না হলে বা রাসায়নিক মেশানো থাকলে সেটি হতে পারে বিপদের বড় কারণ। আর যেকোনো ডুবোতেলে ভাজা খাবার, সে শর্ষের তেলেই হোক, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তাই শরীর ভালো রাখতে চাইলে শুধু শর্ষের তেল বেছে নেওয়াই যথেষ্ট নয়, সেটি খাঁটি কি না এবং কীভাবে ব্যবহার করছেন সেটাও জানা জরুরি। বাঙালির প্রিয় এই তেলটি হতে পারে উপকারের হাতিয়ার, আবার অনিয়ন্ত্রিত ব্যবহারে বিপদের কারণও!