শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সাদিকা জাহান
বর্তমান যুগে অধিকাংশ মানুষই জানেন যে প্লাস্টিক আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই প্লাস্টিকের কাপে বা গ্লাসে চা-পানি বা কোনো পানীয় পান করার অভ্যাস কমে গেছে। এর পরিবর্তে এখন অনেকেই ব্যবহার করছেন কাগজের কাপ বা গ্লাস। কিন্তু আপনি কি জানেন, কাগজের কাপও আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়? চিকিৎসকরা জানাচ্ছেন, কাগজের কাপও স্বাস্থ্যের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে।
কাগজের কাপ তৈরিতে সাধারণত মোম বা প্লাস্টিকের প্রলেপ ব্যবহার করা হয়, যা গরম পানীয়ের সংস্পর্শে এলে দ্রবীভূত হয়ে যায়। এতে উপস্থিত রাসায়নিক পদার্থ পানীয়ের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। বিশেষ করে গরম চা বা কফি কাগজের কাপে ঢালার সঙ্গে সঙ্গেই এতে থাকা বিপিএ (Bisphenol A) এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক দ্রবীভূত হতে শুরু করে। এই রাসায়নিকগুলো দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ নানা গুরুতর রোগের কারণ হতে পারে।
কাগজের কাপে ব্যবহৃত মাইক্রোপ্লাস্টিক গরম পানীয়ের সংস্পর্শে এসে দ্রবীভূত হয়, যা আমাদের হরমোনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং থাইরয়েড সমস্যা সৃষ্টি করতে পারে। চিকিৎসকদের মতে, নিয়মিত কাগজের কাপ ব্যবহারে অ্যাসিডিটি ও হজমের সমস্যা দেখা দিতে পারে।
কেবল স্বাস্থ্যই নয়, পরিবেশের দিক থেকেও কাগজের কাপ ক্ষতিকর। পোড়ানোর সময় এতে থাকা প্লাস্টিক ও রাসায়নিক পদার্থ বায়ুদূষণ ঘটায়। সেই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায়ও কাগজের কাপ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
বিকল্প কী?
এই সমস্যা থেকে মুক্তি পেতে কাগজের কাপের পরিবর্তে সিরামিক বা স্টেইনলেস স্টিলের কাপ ব্যবহার করা উচিত। বাইরে চা বা কফি পান করতে হলে মাটির ভাঁড় ব্যবহার করা যেতে পারে, যা স্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্য উপকারী। আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন এনে আমরা কাগজের কাপের ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে পারি।
সচেতনতার অভাবে অনেকেই কাগজের কাপকে নিরাপদ মনে করে ব্যবহার করেন। তাই এখনই সময় সচেতন হওয়ার এবং স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়ার।