শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
বসে থাকা নয়, সুস্থতার জন্য দিনে কয়েকবার নড়াচড়া করলেই যথেষ্ট
অনলাইন ডেস্ক
বসে বসে দিন কাটাচ্ছেন? ভাবছেন, ব্যায়ামের সময়ই তো মেলে না? এখন থেকে আর অজুহাত নয়! ‘মুভমেন্ট স্ন্যাকস’ নামের ছোট ছোট শরীরচর্চা এখন স্বাস্থ্য সচেতনদের গোপন অস্ত্র! সময় লাগে মাত্র ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট, অথচ উপকার অগণিত!
মুভমেন্ট স্ন্যাকস মানে কী?
এটি এমন এক ধরনের ব্যায়াম, যা আপনি ব্যস্ততম সময়েও করতে পারবেন। অফিসের ডেস্ক থেকে উঠে দ্রুত গতিতে কয়েক পা হাঁটা, সিঁড়ি বেয়ে ওঠা, বা ফোনে কথা বলতে বলতে কিছুক্ষণ স্পট জগিং করাই হতে পারে মুভমেন্ট স্ন্যাকস।
এমনকি ঘরের কাজ যেমন বিছানা গুছানো, ঝাড়ু দেওয়া, কিংবা প্ল্যাঙ্ক করে নেয়ার সময়টাও এতে ধরা যায়। মাত্র ৩০ সেকেন্ড থেকে ১০ মিনিটের এই শরীরচর্চাগুলোতে মূল লক্ষ্য থাকে দেহের বিভিন্ন পেশি সচল রাখা।
কীভাবে করবেন?
যখনই সুযোগ পাবেন, অল্প সময়ের মধ্যেই কিছু না কিছু মুভমেন্ট করুন—
চেষ্টা করুন দিনে অন্তত ৫ বার এই ধরনের নড়াচড়া করতে। একেকবার ১-২ মিনিট করলেই হবে।
এর উপকার কী?
এই ছোট ছোট ব্যায়াম আপনাকে রক্ষা করতে পারে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এমনকি স্ট্রোকের ঝুঁকি থেকেও। মাংসপেশি ও হাড় থাকবে সবল, ঘুম হবে গভীর, মনও থাকবে ফুরফুরে।
যাঁরা দিনের বেশিরভাগ সময় বসে কাটান, তাঁদের জন্য এটা যেন আশীর্বাদ। দিনে তিনবার করে ১০ মিনিটের জন্য নড়াচড়া করতে পারলে মোট ১৫০ মিনিট ব্যায়াম হয়ে যাবে সপ্তাহে, যা স্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে একদম আদর্শ।
শেষ কথা?
সুস্থ থাকতে চাইলে বড় জিমে না গেলেও চলবে। শুধু ইচ্ছে আর একটু সচেতনতা থাকলেই আপনি নিজের শরীরের জন্য প্রতিদিন বানিয়ে নিতে পারেন ছোট ছোট সুস্থতার মুহূর্ত।
সূত্র: সিএনএন হেলথ, এসিই ফিটনেস