শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ওজন ঠিক আছে বলে নিশ্চিন্ত নন তো? কোমরের মাপে লুকিয়ে থাকতে পারে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি!
অনলাইন ডেস্ক
ওজনটা ঠিক আছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে কিন্তু বিপদ ডেকে আনছেন নিজেই! কারণ আপনার কোমরের মাপটাই হতে পারে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস বা স্ট্রোকের নীরব সংকেত। শুধু ওজন আর উচ্চতার হিসাব মিললেই শরীর সুস্থ—এই ভুল ধারণা আজই ভাঙুন।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মতলেবুর রহমান জানাচ্ছেন, শরীরের সবচেয়ে বিপজ্জনক চর্বি হলো ভিসেরাল ফ্যাট—যা পেটের গভীরে, অঙ্গপ্রত্যঙ্গের আশপাশে জমে থাকে। এই চর্বি সরাসরি দায়ী উচ্চ রক্তচাপ, প্রি-ডায়াবেটিস, ডায়াবেটিস, হৃদ্রোগ এমনকি স্ট্রোকের মতো বিপজ্জনক অসুখের জন্য।
এশীয় পুরুষদের কোমরের মাপ হওয়া উচিত ৩৫.৫ ইঞ্চির কম, নারীদের ক্ষেত্রে তা ৩১.৫ ইঞ্চির নিচে। এর চেয়ে বেশি হলেই বুঝে নিন, আপনি ঝুঁকিপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছেন।
তবে শুধু কোমর মাপলেই চলবে না, জানতে হবে কোমর-নিতম্ব অনুপাত (Waist-to-Hip Ratio)। পুরুষদের জন্য এটি হওয়া উচিত ০.৯৫-এর মধ্যে আর নারীদের জন্য ০.৮৫-এর কম।
কোমরের মাপ নিতে হবে সবচেয়ে সরু অংশে, পাঁজরের নিচ ও হিপ বোনের মাঝখানে। নিশ্বাস ছেড়ে স্বাভাবিক অবস্থায় ফিতা পেঁচিয়ে নিন।
নিতম্বের মাপ নিতে হবে পিছন থেকে সবচেয়ে চওড়া অংশে। ফিতা যেন ভাঁজ বা ঢিলা না হয়।
বডি মাস ইনডেক্স (BMI) ওজন ও উচ্চতার অনুপাত দেখায়। এটি ঠিক থাকলেও যদি কোমরের মাপ বেশি হয়, তাহলে আপনিও ঝুঁকিতে।
জীবনধারায় আনুন ইতিবাচক পরিবর্তন।
স্মার্ট ও ফিট থাকতে চাইলে এখনই শুরু করুন কোমরের যত্ন!