রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
তিসির বীজেই লুকিয়ে আছে সুস্থ পেটের চাবিকাঠি!
অনলাইন ডেস্ক
তিসির বীজ, যার ইংরেজি নাম ফ্ল্যাক্স সিড, এক সময় বাংলার ঘরে ঘরে রান্নার তেলে ব্যবহৃত হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বীজটি হারিয়ে যেতে বসেছিল আধুনিকতার ছোঁয়ায়। এখন আবার এই ছোট্ট কিন্তু বিস্ময়কর বীজটি ফিরে এসেছে, তবে এক নতুন পরিচয়ে—স্বাস্থ্যসচেতন মানুষদের ডায়েটের নিত্যসঙ্গী হয়ে। বিশেষ করে যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাদের জন্য তিসির বীজ হয়ে উঠতে পারে এক প্রাকৃতিক ও কার্যকরী সমাধান।
তিসির বীজের আসল গুণটি লুকিয়ে আছে এর ফাইবার এবং বিশেষ জেলি জাতীয় উপাদানে, যাকে বলে মিউসিলেজ। এই উপাদানটি পানি শোষণ করে অন্ত্রে এক ধরনের জেল তৈরি করে, যা মলকে নরম করে এবং তা অন্ত্রের মধ্য দিয়ে সহজে বেরিয়ে যেতে সাহায্য করে। আর প্রতি টেবিল চামচ তিসির বীজে থাকে প্রায় ২.৮ গ্রাম ফাইবার, যা হজম ব্যবস্থাকে তরান্বিত করে, মলত্যাগের সময় চাপ কমায় এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যকে স্বাভাবিক করে তোলে।
তিসির বীজের আরেকটি গোপন গুণ হলো এর প্রিবায়োটিক বৈশিষ্ট্য। এটি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয়, যা শুধু হজম নয়, বরং গোটা শরীরের প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো শরীরে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং শরীরের ভেতর থেকে পরিষ্কার রাখতে বিশেষ ভূমিকা রাখে।
তবে কেবল তিসির বীজ খেলে চলবে না, এর সঠিক ব্যবহার জানতে হবে। প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ গ্রাম অর্থাৎ ১–২ টেবিল চামচ ফ্ল্যাক্স সিড ১৫০ মিলি পানি বা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। কেউ চাইলে এটিকে গুঁড়ো করে সকালে খালি পেটে গরম পানির সঙ্গে খেতে পারেন। আবার কেউ কেউ এক টেবিল চামচ তিসির বীজ রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করেন। এছাড়াও ওটস, স্মুদি বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেলেও শরীরে এর উপকারিতা ঠিকঠাক পৌঁছায়।
তবে এ বীজের উপকার পেতে হলে একটি কথা মনে রাখা জরুরি—ফাইবার কাজ করতে পারে কেবল তখনই, যখন আপনি পর্যাপ্ত পানি পান করেন। দিনে অন্তত ২ থেকে ২.৫ লিটার পানি পান করাটা তাই বাধ্যতামূলক। তা না হলে তিসির ফাইবার উল্টো কাজ করে মলকে আরও শক্ত করে তুলতে পারে, যা কোষ্ঠকাঠিন্য আরও বাড়িয়ে দিতে পারে।
যদিও তিসির বীজ প্রাকৃতিক এবং নিরাপদ, তবুও অতিরিক্ত খাওয়া বিপদের কারণ হতে পারে। অতিরিক্ত ফ্ল্যাক্স সিড খেলে পেট ফাঁপা, গ্যাস, এমনকি ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া, এটি কিছু ওষুধের শোষণে ব্যাঘাত ঘটাতে পারে। তাই ওষুধ খাওয়ার অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগে বা পরে তিসির বীজ খাওয়া নিরাপদ।
সব মিলিয়ে বলা যায়, তিসির বীজ একটি ছোট প্যাকেটের বড় উপকার। যারা প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি চান, তাদের জন্য এটি হতে পারে একটি স্বাস্থ্যকর ও সহজলভ্য সমাধান। তবে যেমন উপকারের দিকে মনোযোগ দেওয়া দরকার, তেমনি এর সঠিক ব্যবহার, পরিমাণ এবং পানি খাওয়ার নিয়মও মেনে চলা জরুরি। আর যাদের আগে থেকে পেটের সমস্যা আছে বা কোনো ওষুধ খাচ্ছেন, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তিসির বীজকে ডায়েটে যুক্ত করা উচিত।