রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
রাজধানীর বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে যৌথবাহিনী বিস্তৃত অভিযান চালিয়ে ১২৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ (শনিবার) পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত একাধিক সফল অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে সেনা, র্যাব এবং থানা পুলিশের যৌথ দল মিরপুর, কামরাঙ্গীরচর, গনকটুলী, চকবাজার, সোয়ারিঘাট, মোহাম্মদপুর, আদাবর, হাতিরঝিল, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর, দক্ষিণখান, নিকুঞ্জসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক অভিযান চালায়।
এ অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায়ীদেরসহ ১২৬ জন গ্রেপ্তার করা হয়। অভিযানে জব্দ করা হয় অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, পাসপোর্ট, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড, অবৈধ প্রসাধনী এবং নগদ অর্থ। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।