শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
জামিনে মুক্ত নুসরাত ফারিয়া!
অনলাইন ডেস্ক
অভিনেত্রী নুসরাত ফারিয়া অবশেষে মুক্তি পেলেন জামিনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে সোমবার (১৯ মে) কারাগারে যেতে হয়েছিল জনপ্রিয় এই চিত্রনায়িকাকে।
মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনে সাড়া দিয়ে তার জামিন মঞ্জুর করেন। শুনানির সময় নুসরাতের পক্ষে আইনি লড়াইয়ে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।
এর আগে, রোববার (১৮ মে) হঠাৎ করেই থাইল্যান্ডে পাড়ি জমানোর চেষ্টা করলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া এনামুল হক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের আলোচিত বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত একটি গুলিবর্ষণের ঘটনায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলার ভিত্তিতেই তার গ্রেপ্তার।
মামলার এজাহারে বলা হয়, আন্দোলনের উত্তপ্ত সময়ে রাজধানীর ভাটারা এলাকায় সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাতসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা আন্দোলন দমন করতে আর্থিক পৃষ্ঠপোষকতা করেছিলেন—এ খবর জানিয়েছে গণমাধ্যম।