শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
রিয়াজ হত্যায় রিমান্ডে সাবেক মন্ত্রী, চমকে উঠলো দেশ!
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ঢাকার ধানমন্ডি থানা এলাকায় সংঘটিত রিয়াজ হত্যা মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা নুরু মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত—যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় আলোড়ন তুলেছে।
বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। সেদিনই সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া ও সোহানুর রহমান আজাদকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে জোরালো শুনানি উপস্থাপন করেন।
সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম জামিনের আবেদন করে রিমান্ড বাতিলের দাবি জানান। অন্য তিন আসামির আইনজীবীরাও রিমান্ড বাতিলের আবেদন করেন, তবে শুনানিতে অংশ নেননি। শেষে আদালত সোহানুর রহমান আজাদকে বাদ দিয়ে বাকিদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। আজাদের বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান বিচারক।
মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট সায়েন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ২৩ বছর বয়সী রিয়াজ। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে ১৭ আগস্ট বিকেলে তিনি মারা যান। এরপর ৯ সেপ্টেম্বর নিহতের মা মোসা. শাফিয়া বেগম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা নতুন করে রাজনীতির মাঠে উত্তেজনার হাওয়া বইয়ে দিয়েছে বলে জানায় গণমাধ্যম।