শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠন করছে। দলীয় সূত্র জানাচ্ছে, চলমান আইনি জটিলতা ও সাংগঠনিক সংকট মোকাবিলা করতে এবং ভবিষ্যতে দুর্বল জোটের ওপর নির্ভরতা এড়াতে তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করবে।
নতুন দল পিটিআই থেকে আলাদা সত্তা হিসেবে নিবন্ধিত হবে, তবে নির্বাচনে দুই দল একসাথে কাজ করবে। এটি মূলত পিটিআইয়ের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত রাখার পাশাপাশি আইনি স্বাধীনতা বজায় রাখার কৌশল। নতুন দলের নাম হিসেবে ‘তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান’ ও ‘ইনসাফ পাকিস্তান’ নাম দুটি আলোচনায় রয়েছে।
নতুন দলের নেতৃত্ব পুরোপুরি স্বাধীন হবে, নিজস্ব সাংগঠনিক কাঠামো থাকবে এবং সংবিধান ও সদস্যপদ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী নিবন্ধনের জন্য কমপক্ষে এক হাজার সদস্যের তথ্য জমা দিতে হবে। নিবন্ধনের পর নতুন দল পিটিআইয়ের সঙ্গে কৌশলগত জোটে নির্বাচনে অংশ নেবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন দল গঠন ইমরান খানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, যা পাকিস্তানের সাধারণ নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে।