বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে সক্ষম হবেন বলে আশা করছেন তিনি। শনিবার একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু মার্কিন পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে তথ্য দেন। তিনি বলেন, ইসরাইল বড় একটি অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। খবর টাইমস অব ইসরাইল।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘হামাসকে নিরস্ত্র করা হবে, সহজ উপায়ে হোক বা কঠিন উপায়ে, তবে এটি অর্জন করা হবে।’
নেতানিয়াহু ট্রাম্পের শান্তি পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘এটি এখনো চূড়ান্ত নয়। আমরা এ নিয়ে কঠোর পরিশ্রম করছি। আমি আশা করি, ঈশ্বরের সাহায্যে, আগামী দিনগুলোতে সকল জিম্মিদের ফিরিয়ে আনার ঘোষণা দিতে পারব।’
তিনি উল্লেখ করেন, ইসরাইলের আলোচক দলকে কায়রো সফরে পাঠানো হয়েছে, যাতে জিম্মি মুক্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, এই আলোচনা দীর্ঘায়িত হবে না।
নেতানিয়াহু বলেন, চুক্তির দ্বিতীয় পর্যায়ে হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজা উপত্যকাকেও নিয়ন্ত্রণে আনা হবে। তিনি বলেন, এটি ট্রাম্পের পরিকল্পনা অনুসারে কূটনৈতিক বা সামরিক যেকোনো উপায়ে সম্পন্ন করা হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরাইল।
শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, মার্কিন শান্তি পরিকল্পনার অধীনে জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। তবে তারা নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ করেনি এবং পরিকল্পনার অন্যান্য বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে।