বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
গাজায় ত্রাণবাহী ফ্লোটিলা আটক নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মানবাধিকারকর্মীরা গাজায় আক্রমণের শিকার ফিলিস্তিনিদের সাহায্য করতে গিয়েছিলেন, কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) একেপি পার্টির সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, এই হামলা প্রমাণ করেছে যে, ইসরায়েল সরকার গণহত্যাকারী নেতাদের উন্মাদনায় গাজায় মানবতাবিরোধী অপরাধ ঢাকার চেষ্টা করছে। এছাড়া, এ ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের বর্বরতা স্পষ্ট হয়েছে।
এর আগে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় ঘোষণা দেয়, আটক তুর্কি নাগরিকদের গ্রেপ্তারের বিষয়ে তদন্ত শুরু হবে। তুর্কি গণমাধ্যম জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ২৪ জন তুর্কি নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করেছে।
প্রসিকিউটরের কার্যালয় জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন উল্লেখ করে জানায়, এই ঘটনা স্বাধীনতা খর্ব, জাহাজ আটক, লুটপাট এবং নির্যাতনের অপরাধ হিসেবে বিবেচিত হবে। ফ্লোটিলার এক মুখপাত্রও জানিয়েছেন, আটক নৌকায় থাকা প্রায় ২০০ কর্মীর মধ্যে ৪৮ জন তুর্কি নাগরিক গ্রেপ্তার হয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসবাদী কাজ’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে, এটি গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারবে না।