বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার পর জেরুজালেম, মধ্য ইসরায়েল ও দক্ষিণ-পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। এই ঘটনার ফলে কোনো হতাহত বা গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পরে ইসরায়েলি বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়।
ইসরায়েলি সেনারা জানিয়েছে, হুতিদের নিক্ষেপকৃত ক্ষেপণাস্ত্র কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। তবুও সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইডিএফ আরও জানায়, এটি ইয়েমেন থেকে হুতিদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গত ১৮ মার্চ থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে এই ধরনের হামলা চালাচ্ছে। একই সময়ে অন্তত ৪১টি ড্রোনও ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে হুতি।