সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
মেসি মানেই ইতিহাস, এবার টানা পাঁচ ম্যাচে জোড়া গোল!
অনলাইন ডেস্ক
ম্যাচ শেষে সাবেক সতীর্থ ও বর্তমান কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো যেন মুগ্ধ এক দর্শক। বললেন, ‘প্রায় প্রতিদিনই সে আমাদের চমকে দেয়। দলকে নেতৃত্ব দেওয়ার ধরনটাই আলাদা। তার মতো কিংবদন্তির ক্যারিয়ারের অংশ হতে পারাটা এক বিশাল সৌভাগ্য।’
তবে শুধু প্রশংসা নয়, ফিটনেস ও বিশ্রামের দিকেও নজর রাখছেন মাশ্চেরানো। ‘প্রতিদিনই আমরা তার শারীরিক অবস্থা মূল্যায়ন করি। তাকে বিশ্রাম দেওয়ার সময়ও ঠিক করা আছে। কিন্তু প্রতি ম্যাচেই সে নতুন বিস্ময় হাজির করছে,’ বলেন তিনি।
মেসির প্রশংসার পাশাপাশি লুইস সুয়ারেজের সাম্প্রতিক গোলশূন্যতা নিয়েও মুখ খুলেছেন কোচ। ‘যে খেলোয়াড় ৫০০ গোল করেছে, তাকে নিয়ে সমালোচনা করা অযথা। গোল ছাড়াও তার অবদান অসীম। দুই সপ্তাহ আগে তার অসাধারণ গোল নিয়েই আলোচনা করছিলাম। খেলাটা দিনকে দিন বদলায়। আমাদের সিনিয়রদের ফিট রাখাই এখন মূল টার্গেট।’
কৃত্রিম টার্ফে খেলার ফলে সুয়ারেজের সময়সীমা নিয়েও পরিকল্পনা করছে দল। ‘তাকে সময়মতো তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু সুযোগ পাইনি। পরবর্তীতে আরও হিসাব করে খেলাবো,’ যোগ করেন মাশ্চেরানো।
মেসির ফ্রি-কিক গোল সংখ্যা এই ম্যাচে গিয়ে দাঁড়াল ৬৯-এ। তার ওপরে রয়েছেন কেবল পেলে (৭০) ও জুনিনহো পারনামবুকানো (৭৭)। কিন্তু বর্তমান ধারায় খুব শিগগিরই তাদের টপকে যেতে পারেন এলএম১০।
ইস্টার্ন কনফারেন্সে বর্তমানে ইন্টার মায়ামি রয়েছে পাঁচ নম্বরে, পয়েন্ট ৩৮। হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। সামনে ফিসি সিনসিনাতির মুখোমুখি হবে মায়ামি। টানা ছয় ম্যাচের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে মাশ্চেরানোর দল। আর মেসি আবারো রেকর্ডের তালিকায় নাম লেখাবেন কি না, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে।