মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি, যিনি ইতোমধ্যেই ডজনখানেক সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ব্যস্ত শিডিউলের মধ্যেও কাজের ফাঁকে সময় বের করে সম্প্রতি মালয়েশিয়া ঘুরে এলেন তিনি। তবে শুধুই ভ্রমণ নয়, মালয়েশিয়ায় প্রবাসী ভক্ত ও গণমাধ্যমকর্মীদের জন্য ছিল এক বিশেষ চমক।
এক নৈশভোজে মালয়েশিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পূজা অকপটে স্বীকার করেন, তার সাফল্যের পেছনে দর্শকদের পাশাপাশি সাংবাদিকদের বড় অবদান রয়েছে। তিনি বলেন, “আমার প্রতিটি অর্জনের গল্প তুলে ধরেছেন সাংবাদিক ভাইয়েরা। তাদের সমর্থন ছাড়া এতদূর আসা কঠিন হতো।”
বিদেশের মাটিতে বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় আপ্লুত পূজা বলেন, “আমি যখন বিদেশে থাকি, তখন একজন বাঙালিকে দেখলেই মনে হয়, আমার দেশটাকে ছুঁতে পারছি। মালয়েশিয়ায় যেন আমার এক টুকরো বাংলাদেশ আছে!” প্রবাসীদের সঙ্গে দেখা করতেই তিনি মালয়েশিয়ায় এসেছেন বলে জানান।
দেশপ্রেমের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “বাংলাদেশকে সত্যিকারের ভালোবাসতে হবে। কারণ দেশই আমাদের পরিচয়, আমাদের গর্ব। দেশের মর্যাদা রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।”
পূজার সফর জুড়ে ছিল প্রাণবন্ত মুহূর্ত, ভক্তদের উচ্ছ্বাস আর আন্তরিক সংবর্ধনা। বিদেশের মাটিতে তার প্রতি এই ভালোবাসা প্রমাণ করে, শুধু দেশেই নয়, সীমানার বাইরেও তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে।