শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
কোনাল-আমিনুলের প্রেমের মধুর সুরে হৃদয় ভাসানোর সময়!
অনলাইন ডেস্ক
সোমনুর মনির কোনাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী। শুধু সিনেমা নয়, গানবাজনার প্রায় প্রতিটি অঙ্গনেই সমানতালে উজ্জ্বল। প্লেব্যাকের পাশাপাশি অডিওতে তিনি নিয়মিতই চমক দেখাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আসছে কোনালের নতুন গান ‘আমার কি হও তুমি’। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এই সময়ের সম্ভাবনাময় শিল্পী আমিনুল ইসলাম।
গানের কথা ও সুরের জাদু ছড়িয়েছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজনে ছিলেন এস পুলক। মিক্সড ও মাস্টারিং করেছেন তাহান খান তামিম।
ভালোবাসার মিষ্টি খুনসুটির গল্পে নির্মিত এই গানের ভিডিও পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে পর্দায় ধরা দিয়েছেন আলভী মামুন ও আঁখি। কোনাল ও আমিনুলের উপস্থিতিও থাকছে চমক হিসেবে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে কোনাল গণমাধ্যমকে বললেন, “অনেকদিন পর একটি মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক গান গাইলাম। আমিনুল ভাইয়ের গায়কী মুগ্ধ করার মতো। লালমাটি আর সবুজে ভরা দারুণ লোকেশনে শুট করেছি। আশা করি গানটি সবাই পছন্দ করবেন।”
কোনালের সঙ্গে গান গেয়ে দারুণ উচ্ছ্বসিত আমিনুল বলেন, “কোনাল আপুর সঙ্গে গান গাওয়া স্বপ্ন পূরণের মতো অনুভূতি। আপু ভীষণ সহায়ক এবং অসাধারণ কণ্ঠের অধিকারী। আমিও চেষ্টা করেছি সর্বোচ্চটা দিতে। আশা করছি গানটি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে।”
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, আগামী ১০ জুলাই বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে।