শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
জায়েদ খানের নতুন রূপ, তারকাদের গল্প শুনুন প্রতি শুক্রবার!
অনলাইন ডেস্ক
চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। সেখানকার নানা অনুষ্ঠানে তাকে পারফর্ম করতে দেখা যায় প্রায়ই। এবার তিনি চমকপ্রদ এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন। নিউইয়র্ক থেকে প্রকাশিত গণমাধ্যম ঠিকানা-টিভিতে টক শো নিয়ে আসছেন তিনি। শো’র নাম ‘ফ্রাইডে নাইট উথ জায়েদ খান’।
এখানে উপস্থাপক হিসেবে নিয়মিত হাজির হবেন জায়েদ খান নিজেই। প্রতি শুক্রবার রাতে নতুন নতুন অতিথিদের সঙ্গে জমজমাট আড্ডায় মাতাবেন দর্শকদের। অনুষ্ঠানটি উপভোগ করা যাবে একমাত্র ঠিকানা টিভিতে।
প্রবাসী ও স্বদেশের দর্শকদের চাহিদা মাথায় রেখে সাজানো হয়েছে এ আয়োজন। এতে থাকবে জনপ্রিয় তারকাদের একান্ত আলাপ, প্রবাস জীবনের ওঠানামা ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা, আর নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার ছোঁয়া।
৪ জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘ফ্রাইডে নাইট উথ জায়েদ খান’। প্রথম পর্বে অতিথি হয়ে আসবেন ছোট পর্দার উজ্জ্বল মুখ অভিনেত্রী তানজিন তিশা।
নিউইয়র্ক থেকে নিজের নতুন এই অভিজ্ঞতা নিয়ে জায়েদ খান বলেন, ‘এতদিন আমি অতিথি হিসেবে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতাম, এবার নিজেই উপস্থাপক। প্রথম অতিথি তানজিন তিশা, আশা করি অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’ প্রথম পর্ব প্রচারিত হবে ৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ৮টায়, শুধুমাত্র ঠিকানা টিভিতে।