রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
দ্বিমুখী সহকর্মী? শান্ত ও চালাক পদ্ধতিতে মোকাবিলা করুন
অনলাইন ডেস্ক
অফিস জীবনে এমন একজন সহকর্মীর সঙ্গে মোকাবিলা করতে হয়, যার চেহারা যেমন মিষ্টি, তেমনি মনেও থাকে দ্বিমুখী ছুরি। সামনে মধুর হাসি, পিছনে ষড়যন্ত্রের ছড়াছড়ি—এমন মানুষের সঙ্গে কাজ করা সহজ নয়। তারা কৌশলে আপনার সম্মানহানি করতে পারে, আপনার কাজকে নষ্ট করে দিতে পারে, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে আপনাকে অপদস্থ করতেও পিছপা হয় না। যদি আপনার কর্মক্ষেত্রে এমন কেউ থাকে, তাহলে মানসিক চাপের সঙ্গে সঙ্গে কর্মক্ষমতাও নিচে নেমে আসতে পারে। তবে এই পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কীভাবে নিজের মানসিক শান্তি বজায় রেখে পেশাদারিত্ব ধরে রাখবেন? চলুন, জেনে নিই কিছু কার্যকর কৌশল।
১. স্পষ্ট সীমানা টানুন:
দ্বিমুখী সহকর্মীর সঙ্গে সম্পর্ক মেনেজ করার প্রথম ধাপ হলো সীমানা নির্ধারণ করা। আপনার ব্যক্তিগত জীবন ও ব্যক্তিগত মতামত অফিসের বাইরে রাখুন। কাজের জায়গায় তার সঙ্গে শুধুমাত্র প্রয়োজনীয় এবং সীমিত যোগাযোগ রাখুন। ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো আলোচনা বা আবেগপ্রবণ আলাপ এড়িয়ে চলুন। সঙ্গত কারণেই কিছু মানুষকে সরাসরি এড়িয়ে চলা সম্ভব না, কিন্তু এই সীমাবদ্ধ যোগাযোগ আপনার আত্মরক্ষা করবে।
২. অন্যের ব্যাপারে আলোচনা এড়িয়ে চলুন:
দ্বিমুখী লোকেরা যেকোনো কথার ভেতর দিয়ে খবর ছড়িয়ে দিতে পারে। তাই, কারো খারাপ কথা বা গুঞ্জন শুনে তা পুনরায় ছড়ানো থেকে বিরত থাকুন। অফিসে অন্যদের সম্পর্কে নেতিবাচক কথা বলার পরিণতি ভয়াবহ হতে পারে। নিজের নাম মেলানোর জন্য গুঞ্জনবাজে পরিবেশে নিজেকে যুক্ত করবেন না।
৩. ইতিবাচক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ থাকুন:
অফিসে যারা পেশাদার, অন্যের ব্যাপারে মুখ খোলেন না, তাদের সঙ্গ ঘনিষ্ঠ রাখুন। তাদের সঙ্গে মিলে কাজের চাপ কমাতে পারবেন এবং সহায়তা পাবেন। এছাড়াও, ভালো সম্পর্ক পেশাদার পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে।
৪. মনের শান্তি বজায় রাখুন:
কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনার নেতিবাচক প্রভাব ব্যক্তিগত জীবনে না ফেলাই শ্রেয়। অফিসের সমস্যাকে অফিসেই সীমাবদ্ধ রাখুন। বাড়িতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান, মানসিক শান্তি বজায় রাখুন। নিজেকে ব্যস্ত রাখুন সুখী ও ইতিবাচক কাজে।
৫. সবসময় শান্ত থাকুন:
অফিসে যদি কোনো দ্বিমুখী সহকর্মী আপনার সঙ্গে তিক্ততা করে, অবজ্ঞা করে বা বিরক্তিকর আচরণ দেখায়, তখন ধৈর্য্য হারাবেন না। উত্তেজিত হওয়া পরিস্থিতি আরো খারাপ করে দিতে পারে। যতটা সম্ভব ভদ্রতা বজায় রেখে নিজের বক্তব্য সংক্ষেপে উপস্থাপন করুন। মন খারাপ করলে কাজের পরিবেশ নষ্ট হয়, আর সেটার দায় আপনার ওপর পড়বে না।
৬. প্রমাণ রাখুন:
যদি কেউ আপনার কাজ নষ্ট করে বা অপদস্থ করার চেষ্টা করে, তাহলে সেইসব ঘটনা, সময় ও তারিখ লিখে রাখুন। ইমেইল, মেসেজ, মিটিং নোট বা অন্য যেকোনো রেকর্ড রাখতে পারেন। এ তথ্য ভবিষ্যতে কোনো অফিসিয়াল সমস্যার সময় আপনার পক্ষে প্রমাণ হিসেবে কাজে আসবে।
৭. প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো:
যদি সহকর্মীর দ্বিমুখী আচরণ দীর্ঘদিন ধরে আপনার কাজ ও মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করুন। নালিশ নয়, বরং একটি পেশাদার প্রতিবেদন হিসেবে বিষয়টি উপস্থাপন করুন যাতে কর্মপরিবেশ উন্নত করা যায়। এর মাধ্যমে অফিসের ন্যায়পরায়ণতা বজায় থাকবে এবং আপনার নিরাপত্তা নিশ্চিত হবে।
অফিস জীবনে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অবশ্যই ভালো, কিন্তু নিজের মানসিক শান্তি ও পেশাদারিত্বের জন্য সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। দ্বিমুখী চরিত্রের লোকদের সঙ্গে বুদ্ধিমানের মতো সামলাতে পারলে কাজের পরিবেশ সুস্থ থাকবে এবং আপনার ক্যারিয়ারেও প্রভাব পড়বে না। নিজেকে সবসময় সুরক্ষিত রাখতে সচেতন থাকুন এবং মনোবল শক্ত রাখুন।
সূত্র: রিডার’স ডাইজেস্ট