শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
করোনা গেল না, আবারও শনাক্ত! আপনি কি প্রস্তুত?
অনলাইন ডেস্ক
দেশে নতুন করে আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে আশার খবর হলো, এই সময়ের মধ্যে ভাইরাসে কারো মৃত্যু ঘটেনি। বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৮টার মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১৯ জন। এই সময়কালে মৃত্যু হয়নি একজনেরও। গত ২৪ ঘণ্টায় দেশে ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন মোট ২৯ হাজার ৫১৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১৯ জনের। একইসঙ্গে, ২০২০ সালের ৮ মার্চ থেকে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৬৩ জন। এর মধ্যে চলতি বছর শনাক্ত হয়েছেন ৫১৮ জন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৪.৬১ শতাংশ হলেও, মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ। বর্তমানে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ঠিক ১০ দিন পর, ১৮ মার্চ মারা যান প্রথম ব্যক্তি। আর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।