বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নিয়েছে সেনাসদর, তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ এখনো নিখোঁজ। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১ জন এলপিআরে এবং বাকি ১৫ জন সক্রিয় দায়িত্বে আছেন।
মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পরই অভিযুক্তদের সেনাসদরে সংযুক্ত করা হয় এবং ৯ অক্টোবরের মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া সবাই নির্দেশ মেনে হাজির হন।
তিনি বলেন, “কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হন, কিন্তু তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।” তিনি আরও জানান, বাকিদের সেনাসদরের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং তারা আপাতত পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন আছেন।
সেনাসদরের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ মেজর জেনারেল কবীর আহাম্মদকে খুঁজে বের করতে সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও পুলিশ যৌথভাবে কাজ করছে।