মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
জীবন বাঁচাতে গিয়ে হারালেন জীবন, নিয়তি ছিল নির্মম!
অনলাইন ডেস্ক
অসুস্থতার কারণে বিমানে উঠা হয়নি। চিকিৎসকের পরামর্শে ফিরতে চেয়েছিলেন সড়কপথে—অভিমানের মতো নিরীহ সেই সিদ্ধান্তটাই যেন হয়ে দাঁড়াল মৃত্যু অবধি শেষ যাত্রার সঙ্গী!
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দিয়েগো জোতা।
স্পেনের জামোরায় হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সী এই লিভারপুল তারকা এবং তার ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে, স্থানীয় সময় ১২টা ৩৫ মিনিটে, রিয়াস বাজাস মহাসড়কে (A52), বেনাভেন্তের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা একটি বিলাসবহুল ল্যাম্বরগিনি উরুসে করে সান্তান্দের বন্দরের দিকে যাচ্ছিলেন। ওভারটেকের সময় হঠাৎ এক টায়ার ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং ধাক্কা খেয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। মুহূর্তেই আগুন ধরে যায়।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকারীরা আগুনের তীব্রতায় কোনো প্রাণ রক্ষা করতে পারেনি।
জানা যায়, জোতা সদ্য ফুসফুসের অস্ত্রোপচার করিয়েছিলেন। বিমানযাত্রার সময় বায়ুচাপের পরিবর্তনে শারীরিক সমস্যা হতে পারে—এ আশঙ্কায় চিকিৎসক বিমানে উঠতে নিষেধ করেন। তাই সড়কপথে সান্তান্দারে যাচ্ছিলেন, সেখান থেকে ফেরিতে ইংল্যান্ডের পোর্টসমাউথে ফেরার কথা ছিল তার।
এই মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পুরো ফুটবলবিশ্ব। শোক প্রকাশ করেছেন রোনালদো, মেসি, ম্যাক অ্যালিস্টারসহ বহু তারকা।
লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা, জাতীয় দলের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগ।
একটি ভুল মুহূর্ত, একটি ফেটে যাওয়া টায়ার—চিরতরে থামিয়ে দিল সম্ভাবনাময় এক ক্যারিয়ার, নিভিয়ে দিল তরুণ দুই প্রাণের আলো।
বিমানভীতি নয়, সতর্কতাই ছিল কারণ। কিন্তু শারীরিক জটিলতা এড়াতে গিয়ে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মুখোমুখি হবেন, তা কি কেউ কল্পনা করতে পেরেছিল?