সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার আড়ানীর বাসভবনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর বারোটা থেকে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাসার সামনে বিক্ষোভ করতে থাকে উত্তেজিত জনতা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী আল নাহিয়ান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেওয়া “বিদ্বেষ ও উসকানিমূলক” বক্তব্যের প্রতিবাদে সারাদেশের মতো রাজশাহীতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জের ধরেই স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, “বিক্ষুব্ধ জনতা শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, আর স্থানীয়দের মধ্যে ভয় ও কৌতূহল উভয়ই দেখা যাচ্ছে। গণমাধ্যম জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।