বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
বিমান দুর্ঘটনার পরও থামেনি শিক্ষার পথচলা!
অনলাইন ডেস্ক
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ধীরে ধীরে কাটিয়ে উঠছে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ। টানা ১২ দিনের ছুটি ও পরপর দুই দিনের কাউন্সেলিং কার্যক্রম শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস ধাপে ধাপে চালু হয়েছে।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল নিশ্চিত করেছেন, শোক কাটিয়ে উঠতে প্রথম দুই দিন দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি এবং গ্রুপ কাউন্সেলিং পরিচালিত হয়। আজ থেকে নিয়মিত পাঠদান শুরু হলেও শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনের অংশ হিসেবে আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক সহায়তা কার্যক্রম।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত করা। তিনি আরও জানান, কাউকে জোর করে ক্লাসে ফিরতে বলা হয়নি; বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হচ্ছে।
তিনি বলেন, যারা দুর্ঘটনার সময় সরাসরি ঘটনাস্থলে ছিল, তাদের মানসিকভাবে সবচেয়ে বেশি প্রভাবিত হতে দেখা গেছে—বিশেষ করে ছাত্রীদের মধ্যে। তাই তাদের জন্য আলাদা করে বিশেষ কাউন্সেলিং সেশন চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী একাধিক সেশনেও অংশ নিতে পারছে শিক্ষার্থীরা, যেন তারা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে।
গত ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনার জেরে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ একাধিক দফায় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২ আগস্ট পর্যন্ত কলেজের সকল কার্যক্রম বন্ধ ছিল।