বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
ইবির ঐতিহাসিক চুক্তি, চীনে স্কলারশিপের দুয়ার খুলছে!
অনলাইন ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবার আন্তর্জাতিক পরিসরে নতুন দিগন্তের সূচনা করল। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে চীনের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গুইলিন ইউনিভার্সিটি অব টেকনোলজির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ফলে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, কারিকুলাম আধুনিকায়ন, যৌথ গবেষণা ও আন্তর্জাতিক সেমিনার আয়োজনের পথ আরও প্রশস্ত হবে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে ইউজিসির নেতৃত্বে উচ্চশিক্ষা প্রতিনিধি দলের চীন সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি জানান, ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত তিনি চীন সফর করেছেন।
উপাচার্য বলেন, ‘এই সমঝোতা স্মারক আপাতত প্রাথমিক ধাপে স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতে একে আরও নির্দিষ্ট ও কার্যকর করা হবে।’
তিনি আরও জানান, ইবিতে চাইনিজ ভাষা কোর্স চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং চীনে স্কলারশিপের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম শুরু হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক, আন্তর্জাতিক বিষয়ক বিভাগের পরিচালক প্রফেসর ড. নাছির উদ্দিন মিঝি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান।