বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
দেশি শিল্পীর কান্না, চ্যানেলে পাকিস্তানি নাটক চলবে না!
অনলাইন ডেস্ক
দর্শকদের পছন্দকে প্রাধান্য দিয়ে দেশের একাধিক টিভি চ্যানেল গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে ভিনদেশি সিরিয়াল আমদানি করে সম্প্রচার করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার দেশের পর্দায় জায়গা করে নিচ্ছে পাকিস্তানি সিরিয়াল।
তবে বিদেশি সিরিয়াল সম্প্রচার নিয়ে দেশের ছোট পর্দার শিল্পীরা আগেও ক্ষোভ প্রকাশ করেছেন। এবার পাকিস্তানি কনটেন্ট আমদানির খবরে একধাপ এগিয়ে সরাসরি হুমকি দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। শুধু হুমকিই নয়, তিনি জানিয়ে দিয়েছেন এর পেছনে থাকা বাস্তব কারণ।
২১ মে নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া একটি স্ট্যাটাসে আলভী লেখেন, ‘শুনলাম পাকিস্তানি সিরিয়াল কিনে আনা হয়েছে। খুব শিগগিরই সম্প্রচারও শুরু হবে। বিশাল অঙ্কের দাম দিয়ে আগেভাগেই কেনা হয়েছে, এমনকি ডাবিংয়ের কাজও নাকি শেষ পর্যায়ে।’
প্রতিবাদের ভাষায় আলভী লেখেন, “আমি ‘যাহের আলভী’ স্পষ্টভাবে বলছি— যে সব বাংলাদেশি চ্যানেল পাকিস্তানি সিরিয়াল সম্প্রচার করবে, সেই সব চ্যানেলে আমার অভিনীত কোনো নাটক প্রচার হবে না। এমনকি নিজে সজ্ঞানে সেই চ্যানেলের নাটকে কখনো অভিনয় করবো না।”
এই অবস্থান নেওয়ার কারণও জানিয়েছেন আলভী। তিনি লিখেছেন, ‘বর্তমানে নাটক ইন্ডাস্ট্রি ভয়ানক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। সরকার পতনের পর নাটকে বিনিয়োগ বলতে গেলে বন্ধ। গুটি কয়েক ব্যক্তি ছাড়া কেউ আগ্রহ দেখাচ্ছে না। আমাদের ইন্ডাস্ট্রির অনেক টেকনিশিয়ান, আর্টিস্ট, পরিচালক কাজ না পেয়ে ঘরে বসে আছেন। তাদের দিন কাটছে দারুণ কষ্টে। এমন সময় দেশে পাকিস্তানি সিরিয়াল চলবে— এটা আমি জীবিত থাকতে হতে দেব না।’
তিনি আরও লেখেন, ‘অনেকেই জানেন না আমাদের নাটক ইন্ডাস্ট্রি কী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এক ধরনের সৃষ্টিশীল দুর্ভিক্ষে পড়েছি। সবাই এখন শুধু নিজেরটা বাঁচাতে ব্যস্ত। কিন্তু আগে দেশ, আগে ইন্ডাস্ট্রি, আগে আমার শিল্পী ও টেকনিশিয়ানদের বাঁচাতে হবে। এরপর অন্য সব। আমি কোনো বিদেশি নাটক আমদানির পক্ষে নই।’
সবশেষে আলভী লেখেন, ‘আমার মতো যারা এখনো মেরুদণ্ড সোজা করে এই ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, তাদের দিকেও আমি তাকিয়ে আছি। আশা করি এই অবস্থান শুধু আমার একার যুদ্ধ থাকবে না। যদি থাকে— তবুও আমি প্রস্তুত। লাউড অ্যান্ড ক্লিয়ার।’