বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
পশুর হাটে এবার টাকা লেনদেনে নেই কোনো ঝামেলা!
অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোরবানির পশুর হাটঘেঁষা এলাকায় আজ মঙ্গলবার (০৩ জুন) থেকে ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের অর্থনৈতিক লেনদেন নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হবে।
হাটে নগদ লেনদেন নির্বিঘ্ন করতে অস্থায়ী ব্যাংক বুথ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে নগদ উত্তোলন ছাড়াও নতুন হিসাব খোলার সুবিধা থাকবে। এছাড়া অতিরিক্ত দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তাদের জন্য প্রণোদনা ভাতা প্রদানের বিষয়টিও নির্দেশনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনস্থ অস্থায়ী হাটের মধ্যে রয়েছে—উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেটের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন এলাকা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির উন্মুক্ত প্রাঙ্গণ, পোস্তাগোলা শ্মশানঘাট সংলগ্ন মাঠ, মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকা, লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোড এলাকা, দনিয়া কলেজ মাঠ, ধোলাইখাল ট্রাক টার্মিনালের উন্মুক্ত স্থান, আফতাব নগরের ব্লক ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২, আমুলিয়া মডেল টাউনের আশপাশ, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন মাঠ এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী হাটগুলো হলো—ভাটারা সুতিভোলা খালপাড়, কাওলা শিয়ালডাঙ্গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরের বউ বাজার সংলগ্ন জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন এর খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং) এলাকার খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা ৪০ ফুট রাস্তা সংলগ্ন এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়া ও রাহমান নগর আবাসিক প্রকল্প, এবং খিলক্ষেতের ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন জায়গা।