সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
এই ঈদে শিশুর স্টাইলে থাকুক রঙের ছোঁয়া, আরামের ছায়া
অনলাইন ডেস্ক
শৈশবের ঈদ মানেই খুশির রঙে ভরপুর দিন, আর সেই খুশিকে আরও রঙিন করে তুলতে প্রস্তুত দেশীয় ফ্যাশন হাউসগুলো। এবারের ঈদের শিশুদের পোশাক শুধুই ফ্যাশন নয়, বরং আরাম আর স্টাইলের অসাধারণ মিশেল। শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আরামদায়ক, নরম কাপড়ের বাহারি পোশাক। কারণ গ্রীষ্মের রোদ তো আছেই, সঙ্গে হঠাৎ বৃষ্টি যেন আনন্দে ভেজায় মন।
তিন মাস বয়সী শিশুর জন্যও এবার মিলছে নরম আরামদায়ক ঈদ পোশাক। ডিজাইনেও আছে চমক—হালকা কারুকাজ, ফুলের মোটিফ, কিংবা মুঘল আমেজ। ফ্যাশন হাউসগুলো যেমন লা রিভ, ক্লাবহাউস ও টুয়েলভ ক্লথিং এনেছে বাহারি কাট, ডিজাইন আর রঙের পসরা। একেবারে ছোট্ট শিশু থেকে টিনেজার—সবার জন্যই সাজানো হয়েছে ঈদের পোশাকের আলাদা ধারা।
লা রিভের ‘ডিভোশন’ থিমে ফুটে উঠেছে স্কাফড লেমন, বার্ন অরেঞ্জ, কোকো ব্রাউন কিংবা ল্যাভেন্ডারের মতো রঙ। ফুল-পাতা, শুকনো পাতার ছোঁয়া কিংবা ভিন্টেজ মোটিফে সাজানো পোশাকের ডিজাইন। টিউনিক, স্কার্ট-টপ, ফ্রক থেকে ঘাগড়া চোলি পর্যন্ত—সবই আছে মেয়েশিশুদের জন্য। ছেলেশিশুদের জন্যও রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট, পোলো শার্ট আর আরামদায়ক বটম।
ক্লাবহাউস এনেছে ভিন্ন ধাঁচের কো-অর্ড। কোনোটি খাটো, কোনোটি আবার কুর্তার মতো লম্বা। আরামদায়ক সুতি ও জর্জেট কাপড়ে তৈরি পোশাকগুলোতে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল কারুকাজ ও ফ্লোরাল মোটিফ ফুটে উঠেছে দুর্দান্তভাবে। ছোটদের ঈদ আনন্দের জন্য পোশাকে থাকছে পিক্সেলাইজড ডিজাইনও।
টুয়েলভ ক্লথিং-এর ‘মুঘল ম্যাজিক’ থিমে ঐতিহ্য আর আধুনিকতার দারুণ ফিউশন। মুঘল মোটিফ আর ফ্লোরাল আর্ট মিলিয়ে তৈরি ফ্রক, ফ্লোয়ি ফ্রক, টু-পিস সেট কিংবা পাঞ্জাবি—সব পোশাকে রয়েছে উৎসবের স্পর্শ। স্পেশাল ফেব্রিক ফিনিশিং আর মসৃণ কাটে শিশুদের ঈদে নতুন মাত্রা যুক্ত করবে নিঃসন্দেহে।
সত্যি বলতে, শিশুরা যে এবার ঈদে শুধু খেলাধুলা নয়, রীতিমতো স্টাইল স্টেটমেন্ট নিয়ে হাজির হবে, তা বলাই যায়! এবার ঈদটা হোক আরও রঙিন, আরও আরামদায়ক, আরও স্মরণীয়—শিশুদের মুখে ফুটুক নির্মল হাসির ফুল।