মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ইশরাককে মেয়র করতে হবে, সেবা বন্ধ চলছে!
অনলাইন ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে দাবিতে টানা চার দিন বিক্ষোভের পর আজ আন্দোলনকারীরা নগর ভবন ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে। নগর ভবনের প্রধান ফটক অবরোধের কারণে ঢাকা দক্ষিণ সিটির সব সেবা কার্যক্রম স্থগিত রয়েছে।
সোমবার (১৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে জড়ো হয়েছেন। তারা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ও মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে ধৈর্য ধরে অবস্থান নিয়েছেন। এই ব্লকেড কর্মসূচির ফলে নগর ভবনের মূল ফটকসহ অন্যান্য গেটে তালা লাগানো হয়েছে এবং সেবা প্রাপ্তিতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
ইশরাকপন্থি কর্মীরা বলেন, “এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণ কার্যক্রম শুরু হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।” তারা আরও হুঁশিয়ারি দিয়েছেন, শপথ গ্রহণ না করালে আন্দোলন কঠোর ও ব্যাপক আকার নেবে।
গত শনিবার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল, যা তাপসের প্রভাব খাটিয়ে থামানোর চেষ্টা হয়েছিল। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। যারা এখন আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।” তিনি আরও জানান, গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও শপথ গ্রহণ এখনও হয়নি এবং তারা শপথের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে বিএনপির ইশরাক হোসেন পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে। তবে গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল তাপসের বিজয় ঘোষণা বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়েছে।
এভাবে নগর ভবন অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষ ও সেবা গ্রহীতারা গভীর অসুবিধায় পড়েছে। আন্দোলনকারীরা গণমাধ্যমে দাবি জানিয়েছেন, ইশরাককে শপথ না করালে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে প্রস্তুত।