শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো হুমকি দেখা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনের সময় বুধবার তিনি একথা বলেন।
এদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে আশঙ্কার কথা বলা হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “কোন পত্রিকা কী বলল, তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে বাস্তবতা বলছে, দেশে জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ নেই।“
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর সরকার একপ্রকার শূন্য ছিল, কিন্তু ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হয়েছে।” এখন সব পক্ষ একসঙ্গে কাজ করছে। নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
তদন্ত প্রসঙ্গে তিনি জানান, এজহারে থাকা অনেক নামের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন, যারা ঘটনার সময় বিদেশে ছিলেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে এবং নির্দোষ কেউ সাজা পাবে না। শুধু থানার তদন্ত নয়, এ বিষয়ে আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে যেন কোনো নিরীহ মানুষ শাস্তির শিকার না হয়। তবে তিনি স্পষ্ট করেন, “কোনো দুষ্কৃতকারীই ছাড় পাবে না!”