সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, তরুণ প্রজন্মকে যেভাবে আগে পরিচালনা করা হতো, এখন তা সম্ভব নয়। কারণ এই নতুন প্রজন্ম অনেক বেশি সচেতন এবং ডেমোক্রেটিক। তাই শুধুমাত্র আগামী নির্বাচনই নয়, বরং পুরো রাজনীতি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে—পার্লামেন্টারি সিস্টেম, নির্বাচন ব্যবস্থা—সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে, বিএনপির দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিতে হলে, তাদের নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে হবে।
পার্থ জানান, বর্তমানে দেশের মধ্যে চার থেকে পাঁচ কোটি তরুণ ভোটার রয়েছেন। এই তরুণদের আগের মতো পরিচালনা করা আর সম্ভব নয়। কারণ তারা এখন অনেক বেশি ডেমোক্রেটিক। তাই শুধুমাত্র নির্বাচনই নয়, পুরো রাজনীতিই আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করি, তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ না করতে পারি, তাহলে একদিন তারা হয়তো আমাদের ইতিহাসের পাতায় ফেলে দেবে।
নতুন নির্বাচন কমিশন সম্পর্কে পার্থ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু নির্বাচন কমিশনই নয়, স্থানীয় সরকার, পুলিশ এবং অন্যান্য মন্ত্রণালয়েরও সম্পৃক্ততা প্রয়োজন, কারণ নির্বাচন কমিশন সব সময়ই সীমাবদ্ধ থাকে। তাদের প্রয়োজনীয় জনবলও থাকে না। তিনি মনে করেন, আমরা সবাই যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করি, তবে এই কমিশন ইনশা আল্লাহ একটি ভালো নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। প্রায় ১৫-১৬ বছর পর সাধারণ মানুষ আবারও ভোট দেওয়ার আশা দেখছেন।