শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) ইসরায়েলি বাহিনী এই সতর্ক বার্তা প্রকাশ করে। এর অর্থ হতে পারে যে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বাহিনী আবারও বৈরুতে আক্রমণ চালাতে প্রস্তুতি নিচ্ছে।
আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, আজ তৃতীয়বারের মতো ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী থেকে জনগণকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সর্বশেষ নির্দেশে বিশেষত দক্ষিণ বৈরুতের হারেত হরিক ও হাদাথ এলাকার বাসিন্দাদের দ্রুত স্থান ত্যাগ করার জন্য সতর্ক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই জানিয়েছেন, তাদের বাহিনী ইতোমধ্যে ঐসব এলাকার ভবনগুলো চিহ্নিত করেছে। অদূর ভবিষ্যতে এসব লক্ষ্যবস্তুকে আঘাত করা হবে বলে তিনি জানান।
তিনি আরও উল্লেখ করেন, ‘আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার স্বার্থে অবশ্যই এই ভবন ও আশেপাশের এলাকা খালি করতে হবে।’ তিনি আরও সতর্ক করেন যে, যারা এই নির্দেশ মানবে না তাদের জন্য কঠিন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। ইসরায়েলি বাহিনী সাধারণত আক্রমণের আগে এ ধরনের সতর্ক বার্তা প্রচার করে থাকে।
সম্প্রতি ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান তীব্রতর করেছে। নেতানিয়াহুর বাহিনী গোষ্ঠীটির নতুন ঘাঁটির দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণ লেবাননের নতুন এলাকাগুলো ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা বেড়েছে। বৈরুতে হামলার নতুন সতর্কতা এরই ধারাবাহিকতায় এসেছে।
তথ্যসূত্রে জানা গেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে স্থল যুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু করেছে এবং এতে যুক্ত হয়েছে ৩৬তম ডিভিশন। এই ডিভিশনটি হিজবুল্লাহর দ্বিতীয় প্রতিরক্ষা লাইনের দিকে এগোচ্ছে। ৩৬তম ডিভিশন ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে বড় সাঁজোয়া ডিভিশন।
এই ডিভিশনে রয়েছে গোলানি ব্রিগেড, প্যারাট্রুপার ব্রিগেড এবং ১৮৮তম সাঁজোয়া ব্রিগেডসহ যুদ্ধ প্রকৌশলীরা। তারা ইতোমধ্যে দক্ষিণ লেবাননের নতুন অপারেশনে অংশ নিয়েছে।
তবে ইসরায়েলের দ্বিতীয় পর্যায়ের অভিযানে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। দক্ষিণ লেবাননে আরও অভ্যন্তরে প্রবেশের সময় হিজবুল্লাহর শক্ত প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি সেনারা। তীব্র সম্মুখযুদ্ধে ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়।
বুধবার (১৩ নভেম্বর) স্থানীয় সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ছয়জন সেনা নিহত হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে তীব্র সংঘাতের মধ্যে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু হওয়া অভিযানে এ ধরনের প্রতিরোধ খুব কমই দেখতে হয়েছে। তবে তাতে তারা থামবে না বলে জানানো হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে দ্বিতীয় পর্যায়ের অভিযান চলছে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও বিস্তৃত করা হয়েছে।