সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নতুন বছরের শুরুতেই জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত বছরের ৪ জানুয়ারি উদ্যোক্তা রোজা আহমেদের সঙ্গে তার বিবাহবন্ধনের এক বছর পূর্ণ হলেও সেই উপলক্ষ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ‘উদযাপনমূলক’ খবর ও ছবি নিয়ে বিব্রত অবস্থায় পড়েছেন এই তারকা। শেষ পর্যন্ত বিভ্রান্তি দূর করতে নিজের দাম্পত্য জীবনের বর্তমান অবস্থা নিয়ে প্রকাশ্যে কথা বললেন তাহসান।
ভক্তদের দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট করেন, বর্তমানে তিনি ও তার স্ত্রী রোজা আহমেদ একসঙ্গে বসবাস করছেন না।
‘জুলাই থেকেই আলাদা’
বিবাহবার্ষিকী উদযাপনের খবরকে সম্পূর্ণ ভুয়া উল্লেখ করে তাহসান বলেন, ‘বিবাহবার্ষিকী নিয়ে বেশ কিছু ভুয়া খবর চোখে পড়েছে। সেই কারণেই পরিষ্কার করে বলতে হচ্ছে—আমরা এখন আর একসঙ্গে থাকছি না।’ তিনি জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই দুজন আলাদা জীবনযাপন করছেন।
উদযাপন নিয়ে গুজব
সামাজিক মাধ্যমে তাদের বিবাহবার্ষিকী কিংবা জন্মদিন একসঙ্গে উদযাপনের যে দাবি ছড়িয়েছে, তা একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তাহসান। তার ভাষায়, ‘আমি কোনো অ্যানিভার্সারি উদযাপন করিনি। আমরা কেউ কারও জন্মদিনে উপস্থিত ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।’
‘মানসিকভাবে ভালো নেই’
ব্যক্তিগত জীবনের এই টানাপড়েন তার মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছে বলে স্বীকার করেন তাহসান। তিনি বলেন, ‘আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো নেই। অনেক দিন ধরেই আমি ঠিক নেই। কেন ভালো নেই, সেটা এখন প্রকাশ্যে বলতে চাই না। সময় হলে নিজেই বলব।’
বিচ্ছেদ প্রসঙ্গে ইঙ্গিত
দাম্পত্য জীবনের পরিণতি নিয়ে প্রশ্নে তাহসান বলেন, ‘আমাদের বিচ্ছেদের বিষয়টি সত্য। এটা অনেক বড় একটি ব্যাপার। এখনই বিস্তারিত বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাব।’
উল্লেখ্য, তাহসান খান ও রোজা আহমেদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে বছর পূর্ণ হওয়ার আগেই তাদের আলাদা হয়ে যাওয়ার খবরে বিনোদন জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।