সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি বরাবরই আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট এবং কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন তিনি। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) একটি দুঃখজনক ঘটনায় তার প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এই ঘটনার মধ্যেই পরীমণি তার ফেসবুক পেজে জানিয়েছেন, তিনি তার নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে অবস্থান করছেন। এ সম্পর্কিত কয়েকটি ভিডিওও শেয়ার করেছেন। পাশাপাশি তিনি দুঃখের ছোঁয়ায় ভরা একটি স্ট্যাটাস দিয়েছেন।
পরীমণি তার এক পোস্টে লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া, রেখে গেলে শুধু নীরবতা। যার প্রিয়জন চলে যায়, সেই বোঝে বিচ্ছেদের অমোঘ যন্ত্রণার কথা।’
তার এমন স্ট্যাটাস দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এর পেছনের কারণ কী। অনেকে মনে করছেন, তার প্রথম স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর এই আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমণি।
অন্যদিকে, কেউ কেউ ধারণা করছেন যে এই স্ট্যাটাসটি তার নানার মৃত্যুবার্ষিকীর স্মৃতিচারণ হিসেবে দিয়েছেন। কারণ, ঠিক এক বছর আগে এই দিনে পরীমণি তার প্রিয় নানা শামসুল হক গাজীকে হারিয়েছিলেন।
এদিকে শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন জমাদ্দার নামে এক ব্যক্তি মারা যান, যিনি পরীমণির প্রথম স্বামী। ইসমাইল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। জানা যায়, ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি, অর্থাৎ বর্তমান পরীমণির সঙ্গে ইসমাইলের বিয়ে হয়েছিল।
ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দার জানান, ইসমাইল পরীমণির প্রথম স্বামী ছিলেন। তবে তাদের বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার বর্তমান স্ত্রীর সঙ্গে দুটি সন্তান রয়েছে।
অন্যদিকে পরীমণি তার প্রথম বিয়ে নিয়ে বরাবরই নীরব ছিলেন। মিডিয়ার সামনে তিনি কখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বা প্রশ্নের উত্তর দেননি।
তবে নায়িকার ঘনিষ্ঠমহল থেকে জানা গেছে, ইসমাইলের মৃত্যুর খবর তাকে মর্মাহত করেছে। যদিও তিনি তার প্রথম বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি, তাই এই দুঃসংবাদেও তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।