শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
কুমিল্লায় মো. মহসিন ও খোকন মিয়াসহ বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দুই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত সোমবার (১৩ জানুয়ারি), ঘটনার চারদিন পর ভুক্তভোগী দুই নারী নিজেদের অভিযোগ নিয়ে নাঙ্গলকোট থানায় সরাসরি হাজির হন।
ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, কুমিল্লা শহরের একটি বাসায় তারা দুই বান্ধবী একসঙ্গে ভাড়া থাকেন। ভুক্তভোগীদের একজন সম্প্রতি মোবাইলে শহিদ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ৯ জানুয়ারি দুপুরে, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে তারা দুই বান্ধবী শহিদের সঙ্গে দেখা করতে যান।
এ সময় স্থানীয় মো. মহসিন, খোকন মিয়াসহ আরও ৭-৮ জন ব্যক্তি রাস্তা থেকে তাদের জোর করে তুলে নিয়ে যান। এরপর তাদের খোকনের একটি সমিলে নিয়ে আটকে রাখা হয়। সেখানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ছাড়া, ধর্ষণের পুরো ঘটনাটি ভিডিও করে রাখা হয় এবং কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই হুমকির কারণে অভিযোগ করতে তাদের কিছুটা সময় লেগে যায়।
অভিযুক্ত মো. মহসিন ও খোকন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মহসিনের বাবা রঞ্জু মিয়া বলেন, ‘আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ‘ভুক্তভোগী দুই নারীর দেওয়া অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।’