শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের বিলবোর্ডে এবার ভেসে উঠেছে ‘জয় বাংলা’, ‘আওয়ামী লীগ’, এবং ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ লেখা।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে হঠাৎ করে নির্বাচন অফিসের বিলবোর্ডে এ ধরনের আওয়ামী লীগের শ্লোগান ভেসে ওঠে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই বিলবোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে বিলবোর্ডের ওই লেখা আর দেখা যায়নি। এর আগেই সেটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার শেখ মাসুম বিল্লাহ জানান, নির্বাচন অফিসের অ্যাপ্লিকেশন সেটিং মেহেরপুরের একটি গ্রুপ তৈরি করেছিল। তাদের কাছে সার্ভারের অ্যাপ্লিকেশনের লিংক থাকতে পারে। এ ছাড়া কোনো দক্ষ আইসিটি বিশেষজ্ঞ হয়তো সার্ভার হ্যাক করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
এর কয়েক দিন আগে আলমডাঙ্গার হাইরোডে একটি মোবাইল ব্যবসা প্রতিষ্ঠানের স্ক্রিন বোর্ড হ্যাক করে লেখা হয়েছিল, “ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে, আসবে দ্বিগুণ শক্তি নিয়ে।” বিষয়টি দোকানের সামনের অন্য দোকানের লোকজন দেখার পরপরই স্ক্রিনটি বন্ধ করে দেন ব্যবসায়ী। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একটি প্রাইভেটকার দীর্ঘক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। তবে ক্যামেরার ভিডিও ফুটেজে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট দেখা যায়নি।