রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে মার্চ ফর ইউনিটির শিক্ষার্থীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
বাগেরহাটের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িগুলোর দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে পুরো এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে।
শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় সন্ত্রাসীরা আগে থেকেই প্রস্তুত হয়ে হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতার অভিযোগও করেছে শিক্ষার্থীরা। থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমন অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল, কিন্তু পথে আমাদের ওপর হামলা চালানো হয়। অনেকেই আহত হয়েছেন। তিনি দাবি করেন, এই আক্রমণ ফ্যাসিবাদী সরকারের দোসররা করেছে।
আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পরিকল্পনা অনুযায়ী এই হামলা করা হয়েছে। তবে আমাদের লক্ষ্য থেকে কোনো কিছু আমাদের সরিয়ে নিতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে এবং তার বিচার দ্রুত হওয়া উচিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের খুঁজে বের করবে।