সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ভালুকায় দুটি বাসের সংঘর্ষকে কেন্দ্র করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন গার্মেন্টস শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও অফিসগামী মানুষজন।
শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে গাজীপুর থেকে পিএ নিট কারখানার শ্রমিকবাহী একটি বাস ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় কারখানায় যাওয়ার পথে ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় দুই বাসের শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সৌখিন পরিবহনের শ্রমিকরা জোরপূর্বক গার্মেন্টস শ্রমিকবাহী বাসের হেলপার আমিনুলকে তুলে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিক তুলে নেওয়ার অভিযোগে পিএ নিট কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।