সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের নিকটে সিলেটমুখী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি আকস্মিকভাবে লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর একাধিক বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে পাশের খালে পড়ে যায়।
জানা গেছে, দুর্ঘটনার ফলে বগি থেকে বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকেই তেল সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় জমাচ্ছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।