সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার পর সচিবালয় আবারও কর্মচাঞ্চল্যে ভরে উঠেছে। ঈদের পর প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিস কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি।
বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ে একটি বিশেষ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম মূল্যায়ন এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।