রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
প্রথমবার যশোরে জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে আয়োজিত জনসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় প্রধানের আগমনকে ঘিরে যশোরজুড়ে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। শুধু যশোর নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীদের সমাগম ঘটছে।
তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যান এলাকায় প্রতিদিন ভিড় করছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। মঞ্চ নির্মাণ ও প্রস্তুতি দেখতে এসে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
দলীয় সূত্রে জানা যায়, জনসভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যানের প্রতি তাদের আবেগ, আস্থা ও ভালোবাসার প্রকাশ ঘটাতে চান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের যশোর সফরের পরপরই তারেক রহমানের এই আগমন রাজনৈতিকভাবে তাৎপর্য বহন করছে। আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যশোরবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন, তা নিয়ে সাধারণ মানুষের মাঝেও কৌতূহল রয়েছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, সোমবার সকালে খুলনায় এক জনসভায় বক্তব্য দেওয়ার পর তারেক রহমান হেলিকপ্টারে করে যশোরে পৌঁছাবেন। দুপুর ১২টা থেকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তার আগে বৃহত্তর কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল ও মাগুরা জেলার বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। প্রায় দুই লাখ মানুষের জনসমাগমের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।
যশোর যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা জানান, জনসভাকে স্মরণকালের জনসভায় রূপ দিতে সাংগঠনিকভাবে কাজ চলছে। এর অংশ হিসেবে জেলা যুবদল প্রচার মিছিল সম্পন্ন করেছে।
যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, রোববার ছাত্রদলের প্রতিটি ইউনিট স্বাগত মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে।
নিরাপত্তা বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জনসভাস্থল ও আশপাশের এলাকায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকে বিভিন্ন ইউনিট মাঠে দায়িত্ব পালন করছে।