সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সারা দেশে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। প্রচলিত প্রবাদে বলা হয়, ‘মাঘের শীত বাঘের গায়’, অর্থাৎ মাঘ মাসেই শীত সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। কিন্তু চলতি বছর সেই চিত্র যেন উল্টো। মাঘ আসার আগেই পৌষ মাসেই হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান এই তীব্র শীতের প্রভাব আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দেশের অন্তত ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলে শৈত্যপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও শীতের তীব্র অনুভূতি বজায় থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গিয়ে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকবে।
তবে আগামী পাঁচ দিনে দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে আজ ও আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ৮ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা আবারও ধীরে ধীরে কমার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, ১০ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।