সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। চাঁদপুরের মেঘনা নদীতে সংঘটিত এ দুর্ঘটনার পর অ্যাডভেঞ্চার-৯ নামের লঞ্চটি ঝালকাঠি জেলা পুলিশের হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে লঞ্চটির চারজন কর্মীকেও আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালবেলায় ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝালকাঠি জেলা পুলিশের সুপার মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অংশগ্রহণ শেষে ঝালকাঠি বিএনপির কিছু নেতাকর্মী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ফিরছিলেন। অপরদিকে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি বৃহস্পতিবার রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। তখন নদীতে তীব্র কুয়াশা থাকায় দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ ঘটে।
লঞ্চ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা গণমাধ্যমকে জানিয়েছেন। এছাড়া অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছেন।
এদিকে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় ঝালকাঠি পুলিশ কিংবা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি। ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ঝালকাঠি জেলা পুলিশ ও নৌ পুলিশ লঞ্চঘাট এলাকায় অবস্থান করছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ এর সংঘর্ষ হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অ্যাডভেঞ্চার-৯ দায়ী হওয়ায় সেটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’